২০০ বছরের গাছে ৪০০ মণ আম

ঐতিহাসিক অনেক কারনেই ঠাকুরগাঁও বিখ্যাত। শুধু ঐতিহাসিকতার স্পর্শই নয়, এ জেলায় আছে প্রাচীন একটি গাছ। গাছটির বয়স ২০০ বছরেরও অধিক। তাও আবার বট কিংবা অশ্বথ গাছ নয়। একেবারে জীবন্ত সূর্যপুরি আমগাছ। অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে। ঠাকুরগাঁও থেকে বালিয়াডাংগি উপজেলার দূরত্ব ২৫ কিলো। প্রাণ জুড়ানো নানা দৃশ্য পেরিয়ে হরিণমারীর নয়াবাড়ী গ্রাম। দূর থেকে মনে হচ্ছে উঁচু আমগাছের বাগান। প্রায় ২ বিঘা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে ২০০ বছরের পুরনো আমগাছটি। অক্টোপাসের মতো মাটিতে নেমে এসেছে এর ১৯টি মোটা মোটা নুয়ে পড়া ডাল। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ ফুট আর ঘের ৩০ ফুটের মতো। আশ্চর্যের বিষয় হলো, গাছটির ডালগুলো মাটিতে নুয়ে পড়লেও সেখান থেকে নতুন কোন গাছ জম্মায়নি। নুয়ে পড়া মোটা ডালগুলো দেখলেই মনে হয় গাছটি অতি প্রাচীন। ডালগুলোকে মৃত মনে হলেও গাছটির শীর্ষভাগ এখনও চির সবুজ। এরই মধ্যে মুকুল এসেছে গোটা গাছ জুড়ে। দর্শনার্থীদের জন্য গাছের নিচেই রয়েছে বসার ব্যবস্থা। আমগাছটির ছায়ায় বসলেই দেখা যায় গাছটির অবয়ব।