সন্দ্বীপে শিক্ষা কর্মকর্তা নেই ৬ বছর সহকারী শিক্ষা কর্মকর্তার ৬ পদ শূন্য

সন্দ্বীপ উপজেলায় শিক্ষা কর্মকর্তা নেই প্রায় ৬ বছর। সহকারী শিক্ষা কর্মকর্তার সাতটি পদের ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ শূন্যতার ফলে উপজেলায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একজন সহকারী শিক্ষা কর্মকর্তা পরিচালনা করছেন উপজেলার ১৪৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের। সন্দ্বীপ উপজেলায় শিক্ষা কর্মকর্তার পদ ছাড়াও ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু আছেন মাত্র ১ জন। তিনিই ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। উপজেলার ১৫টি ইউনিয়নে সরকারি, রেজিস্ট্রার্ড ও অস্থায়ী রেজিস্ট্রেশনসহ মোট ১৪৬টি বিদ্যালয় রয়েছে। উপজেলা সহকারী কর্মকর্তাদের উপজেলা শিক্ষা অফিস সংশ্লিষ্ট কাজ ছাড়াও সরকারের টি আর/ কাবিখাসহ আরও নানা কাজ করতে হয়। সন্দ্বীপ উপজেলায় শিক্ষা অফিসের ক্লাস্টার সংখ্যা ৭। এই ৭টি ক্লাস্টার পরিচালনা করছেন উপজেলার একমাত্র সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।