নবীনগরে মাঠ গোছাতে শুরু করেছে বিএনপি

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মাঠ গোছাতে শুরু করেছেন ১৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীরা। এরই মধ্যে তারা এলাকায় সভা-সমাবেশ ও গণসংযোগ শুরু করেছেন। শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙিয়ে তারা ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে সাবেক সাংসদ কাজী মোঃ আনোয়ার হোসেন এবং কেন্দ্রীয় কৃষকদল নেতা তকদীর হোসেন জসীম ছাড়াও রয়েছেন বেশ কিছু নতুন মুখ। নতুনদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বাংলাদেশ ট্যাক্সেস আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার, জেলা বিএনপি নেতা সায়েদুল হক সায়ীদ, উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। আনোয়ার হোসেন এই আসনে একাধিকবার নির্বাচিত এমপি থাকার সুবাদে তৃণমূল পর্যায়ে সুবিধাজনক অবস্থানে আছেন। তকদীর মোঃ জসীম ছাত্র রাজনীতি, পরবর্তীতে যুবদল, বর্তমানে কেন্দ্রীয় কৃষক দলের ব্যানারে রাজনীতি করছেন। বিএনপির দুর্দিনে দলের জন্য জসীমের অবদান অপরিসীম। এডভোকেট গোলাম সারোয়ার নবীনগরের সার্বিক অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়নের মাস্টার প্লানের মাধ্যমে দীর্ঘদিন যাবত্ এলাকায় গণসংযোগ, মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতা করছেন। তিনি তৃণমূল পর্যায়ে জনগণের ব্যাপক সমর্থন ও সাড়া পাচ্ছেন। উপজেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি মোঃ ফুরকানুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ ওবায়দুল হক লিটন ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান মুকুল বলেন- এই আসনে সাংগঠনিক কোন বিভেদ নেই, মূল দল, অঙ্গ সংগঠন, সব ঐক্যবদ্ধ। সঙ্গে আছে বর্তমান এমপির উন্নয়ন ব্যর্থতার অভিযোগ। এসব বিষয়কেই নিজেদের প্ল¬াস পয়েন্ট হিসেবে দেখছেন নবীনগর বিএনপির নেতারা। কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী মোঃ আনোয়ারের নেতৃত্বে এখানে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।