এলব্রুস বিজয়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী শুরু
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২১:৩০
রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ বিজয়ের আলোকচিত্র নিয়ে ধানমণ্ডির রুশ সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বতে বাংলাদেশ ও রাশিয়ার মৈত্রী এ অভিযান পরিচালিত হয় এবং শৃঙ্গ বিজয়ের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এ অভিযান। অভিযানে বাংলাদেশ থেকে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম (দলনেতা), নিয়াজ পাটওয়ারী এবং সিফাত ফাহামিদা নওশিন অংশ নেন। তাদের সঙ্গে রুশ গাইড ডালহাত ওলমেঝভ এদিন এলব্রুস জয় করেন।
উল্লেখ্য, এলব্রুস পর্বতে এই মৈত্রী পর্বতাভিযানের অভিযাত্রীরা গত ২৬ জুন রাশিয়ার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুসের চূড়ায় বাংলাদেশ ও রাশিয়ার পতাকা ওড়ান। এই অভিযানের শ্লোগান ছিল ‘পর্বতারোহণের মাধ্যমে চ্যালেঞ্জিং বিশ্বে সবাইকে সফল করে তোলা’।
গতকাল রবিবার ধানমণ্ডির রুশ সাংস্কৃতিক কেন্দ্রে এলব্রুস পর্বতে প্রথম বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযানের ‘ফ্ল্যাগ ইন’ ও ‘বাংলাদেশ অন দি টপ অব মাউন্ট এলব্রুস’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি রাজতন্ত্রের শুভেচ্ছাদূত ও জ্যেষ্ঠ উপদেষ্টা স্যার ফ্র্যাঙ্ক পিটার্স, বাংলাদেশে রুশ ফেডারেশনের কাউন্সিলর ভিচিস্লাভ এ. এরমলায়েভ, রুশ সাংস্কৃতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব দি ডিপার্টমেন্ট আলেক্সান্ডার পি. ডেমিন এবং প্রটোকল অফিসার আর্টুর জাকায়েভ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের সহসভাপতি পল্লব মোহাইমেন, মুসা ইব্রাহীম ও সিফাত ফাহামিদা নওশিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিরুদ্দিন মাহমুদ চৌধুরী।
হাবিবুল বাশার বলেন, একাগ্রতা, দলীয় ঐক্য ও সমঝোতা থাকলে বিজয় আসবেই। মুসা ইব্রাহীম বাংলাদেশের মানুষের কাছে নিরন্তর প্রেরণার উত্স। আশা করি, যে বিজয় এসেছে এর পথ ধরে আগামীর লক্ষ্যও তারা অর্জন করবে।
মুসা ইব্রাহীম বলেন, সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের লক্ষ্যে এলব্রুস অভিযানে গিয়েছিলাম। সফল হয়েছি। সেভেন সামিট জয়ের লক্ষ্যে এ পর্যন্ত তিনটি শৃঙ্গ জয় করা হয়েছে। এরপর আশা আছে এন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অভিযানে যাওয়ার।
অনুষ্ঠানে এলব্রুস পর্বত অভিযাত্রীরা বাংলাদেশ ও রাশিয়ার পতাকা রাশিয়া দূতাবাসের প্রতিনিধির কাছে প্রত্যর্পণ করেন। এ সময় তারা অভিযানের ছবিগুলোও উপস্থিত সবাইকে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে দেখান। সবশেষে অতিথিরা চিত্রপ্রদর্শনী উদ্বোধন করেন। সামিট গ্রুপের সহযোগিতায় ‘বাংলাদেশ অন দি টপ অব মাউন্ট এলব্রুস’ শীর্ষক চিত্রপ্রদর্শনীটি রুশ সাংস্কৃতিক কেন্দ্রে ২১ জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এলব্রুস পর্বত অভিযানে পৃষ্ঠপোষকতা দেয় সামিট গ্রুপ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আব্দুল মোনেম লিমিটেড। টিম বাংলাদেশ ফাউন্ডেশনের আওতায় এই অভিযান আয়োজন করে এভারেস্ট একাডেমী ও নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ।