১০ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২১:৩১
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার রাজধানীতে বাজার অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে বিভিন্ন অপরাধের দায়ে ১০ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, মো. মাহবুব জামান খান ও ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে ঢাকা মহানগরীর খিলগাঁও তালতলা, মানিকনগর বাজার ও শাহজাহানপুর এলাকায় এবং মো. মাসুম আরেফিনের নেতৃত্বে ঢাকা মহানগরীর বনশ্রী এলাকায় শনিবার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে খিলগাঁও তালতলা বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা ও অধিক মূল্যে ভোজ্যতেল বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মানিকনগর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া শাহজাহানপুর এলাকায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উত্পাদন বা প্রক্রিয়াকরণ করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ঢাকা মহানগরীর বনশ্রী এলাকায় পরিচালিত অভিযানে মোড়কজাত পণ্যের মোড়কে খুচরা বিক্রির মূল্য না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উত্পাদন বা প্রক্রিয়াকরণ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।