‘নারীদের নিয়ে হেফাজত আমীরের বক্তব্য বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মন্ডলীর সদস্য বহ্নিশিখা জামালী সমপ্রতি ওয়াজ মাহফিলে নারীদের সম্পর্কে হেফাজতে ইসলামের আমীর মাওলানা আহমেদ শফির বক্তব্যকে চরম অশ্লীল ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি গতকাল ঢাকার শাহজাদপুরে পার্টির শাহজাদপুর-বাড্ডা কর্মী সভায় একথা বলেন। তিনি আরো বলেন, তার ঐ বক্তব্যের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের নারী বিদ্বেষী আসল চেহারা বেরিয়ে পড়েছে। হেফাজতের আমীর নারীদেরকে ভোগের জিনিস হিসেবে বর্ণনা করে একদিকে নোংরা ও কদর্য মনোভাবের যেমন পরিচয় দিয়েছেন, অন্যদিকে তেমনি নারী-পুরুষ উভয়কেই অপমান করেছেন। তিনি হেফাজতের আমীরের অশ্লীল ও নোংরা প্রচারণার ব্যাপারে সংসদের বিরোধীদলীয় নেত্রীকেও সোচ্চার হবার আহ্বান জানান। পার্টির স্থানীয় কমিটির সম্পাদক সাইফুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মোস্তাক, স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মৌসুমী আক্তার, জয়ন্তী মন্ডল, মোঃ জাহাঙ্গীর, আমীর হোসেন কাজল মাহমুদ প্রমুখ।