গোলাম আযমের ফাঁসির দাবি
শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৩
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচী শুরু করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল রবিবার রাত আটটা ১০ মিনিটে এ কর্মসূচী শুরু হয়। আজ সোমবার গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর্যন্ত এ অবস্থান চলবে বলে জানিয়েছেন মঞ্চের সংগঠকরা। গতকাল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অবস্থান শুরু করে মঞ্চ। গোলাম আযমসহ সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন স্লোগান কন্যা হিসেবে পরিচিত লাকী আক্তারসহ অন্যরা।
অবস্থান সম্পর্কে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ঘোষনার আগে শাহবাগে অবস্থানের ঘোষনা আমরা আগেই দিয়েছিলাম। সোমবার গোলাম আযমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় দিবে তাতে গণমানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করি। গোলাম আযমসহ সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবিতেই এ অবস্থান কর্মসূচী। এ রায়কে কেন্দ্র করে জামায়াত শিবিরের সহিংসতা প্রতিহত করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের প্রতি তিনি আহবান জানান।
মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল রাতে ইত্তেফাককে বলেন, নামাজ ও সেহরির সময় বাদে আমরা অবস্থানের পরিকল্পনা করছি। গোলাম আযমের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের পর অবস্থান কর্মসূচী শেষ হবে বলে আশা করছি। রমজান মাস হওয়ায় অবস্থানের সময়সীমা সুনির্দিষ্ট করে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে গোলাম আযমের ফাঁসির রায় না হলে জনগণ আবারো রাজপথে আন্দোলনে নামতে পারে।