কালীগঞ্জে পানিতে ফেলে বন্ধুকে হত্যার অভিযোগে দু’জন গ্রেফতার
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৭
গাজীপুরের কালীগঞ্জে পানিতে ফেলে বন্ধুকে হত্যার অভিযোগে থানা পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলার সেনপাড়া গ্রামের ছমির উদ্দিনের ছেলে মাসুম (২৮) পুলিশ দেখে পালানোর সময় বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। এ সময় তাকে ধরতে তার অপর দুই বন্ধু পাড়ারটেক গ্রামের বিল্লালের ছেলে দুলাল (৪০) ও পানজোরা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আফছার (৩৯) খালে ঝাঁপিয়ে পড়ে। এতে মাসুম পানিতে তলিয়ে যায়। এসময় কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুলাল ও আফছারকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১৫ পিচ ইয়াবা পাওয়া যায়। পুলিশ তাদের থানা নিয়ে যায়। এলাকাবাসী মাসুমকে উদ্ধার করে টঙ্গীর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গতকাল রবিবার মাসুমের মা রাহেলা বাদী হয়ে উক্ত দুজনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। কালীগঞ্জ সার্কেলের এএসপি শাহরিয়ার আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।