ওয়াল স্ট্রিট জার্নালের মূল্যায়ন

প্রভাবশালী অর্থনৈতিক চিন্তাবিদদের তালিকায় স্থান পেলেন ড. ইউনূস

আরো একটি অসামান্য খেতাব অর্জন করলেন দেশের একমাত্র নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের তৈরি করা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক চিন্তাবিদদের একটি তালিকায় স্থান পেয়েছেন তিনি। এ তালিকায় শান্তিতে নোবেল জয়ী ইউনূসের পাশাপাশি আরো যাদের নাম রয়েছে তারা হলেন জোসেফ স্টিগলিটজ, বিল গেটস, মাইকেল পর্টার, থমাস ফ্রাইডম্যান, এরিক শমিডট, রিচার্ড ব্রানসন, ম্যালকম গ্লাডওয়েল, রবার্ট রেইচ, জ্যাক ওয়েলচ, নাইঅল ফারগুসন, মাইকেল দেল, হাওয়ার্ড গার্ডনার এবং জিমি ওয়েলস। গতকাল রবিবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়, ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল, মিডিয়ায় ব্যবহূত ও একাডেমিক পর্যায়ে ব্যবহূত নামের ওপর ভিত্তি করে ওই তালিকা করা হয়েছে। এবারের তালিকা তৈরি করেছেন ব্যাবসন কলেজের প্রফেসর ও ‘হোয়াট ইজ দ্য বিগ আইডিয়া’ বইয়ের লেখক টম ডেভেনপোর্ট। তার সঙ্গে সহায়তায় ছিলেন হার্ভার্ড বিজনেস স্কুলের জেফ্রে ক্রোনিন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক চিন্তাবিদদের তালিকা তৈরি প্রসঙ্গে টম ডেভেনপোর্ট বলেছেন, ১৯৮০ ও ১৯৯০-এর দশকে সিক্স স্টিগমা ও ব্যবসা প্রক্রিয়াকরণ পুনর্বিন্যাসের মতো যেসব উল্লেখযোগ্য প্রবণতা ছিল এ পর্যায়ে তার অভাব দেখা দেয়। এর ফলে ব্যবসা ও ব্যবস্থাপনার বিষয়গুলো সফলতা পায়নি। তিনি বলেন, মানুষ এখন অর্থনৈতিক সঙ্কট সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করেছে। এ থেকেই আর্থিক সঙ্কট অর্থনীতিকে করেছে গুরুত্বপূর্ণ। এ জন্যই অর্থনীতি র্যাঙ্কিংয়ে এতটা সফল হয়েছে। তিনি বলেছেন, নতুন এ তালিকা হলো সেলিব্রেটি অর্থনীতিবিদদের। অন্যদিকে ‘বি টিম’-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দিয়েছেন ড. মুহম্মদ ইউনূস। বি টিম হলো অলাভজনক একটি বৈশ্বিক সংস্থা যা প্রতিষ্ঠা করেছেন স্যার রিচার্ড ব্রানসন ও জোচেন জেইট (পুমার প্রধান নির্বাহী কর্মকর্তা)। বি টিমের যাত্রা শুরু হয় এ বছরের ১৩ জুন। এর সঙ্গে আরো যেসব সুপরিচিত ব্যক্তি যুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছে ইউএন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথি ক্যালভিন, হাফিংটন পোস্টের প্রধান সম্পাদক আরিয়ানা হাফিংটন, সেলটেলের প্রতিষ্ঠাতা মো ইব্রাহিম, নাচুরার প্রতিষ্ঠাতা গুলিলহেরম লিয়াল, ইকোনেট ওয়্যারলেসের প্রতিষ্ঠাতা স্ট্রাইভ মাসিয়িওয়া, নাইজেরিয়ার অর্থমন্ত্রী ড. নগোজি ওকোনজো আইওয়েলা, ভারতীয় টাটা গ্রুপের রতন টাটা প্রমুখ। ইউনূস সেন্টারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বি টিমের লক্ষ্য হলো একত্রে কাজ করে ব্যবসায়ের নতুন পন্থা বের করা যাতে লাভের পাশাপাশি মানুষকে অগ্রাধিকার দেয়া যায়। তারা প্রথমত তিনটি চ্যালেঞ্জ সামনে নিয়ে কাজ করবেন। এগুলো হলো এক. ভবিষ্যতের নেতৃত্ব, দুই. পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যত্ উজ্জ্বল করা (দ্য ফিউচার বটম লাইন) এবং তিন. উদ্দীপনার ভবিষ্যত্। ব্যবসায় অল্প সময়ে লাভ অর্জনের চেয়ে তারা এসব বিষয়কেই প্রাধান্য দেবেন।