বিএসএফের নির্যাতনে ঠাকুরগাঁওয়ে একজনের মৃত্যুর অভিযোগ

ঠাকুরগাঁওয়ের মলানী সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনী এবারত (১৮) নামে এক বাংলাদেশিকে রবিবার ভোরে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি গরু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি বিএসএফকে পত্র দিয়েছে। পতাকা বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন। ঘটনাটি কিভাবে ঘটেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা চলছে বলেও বিজিবির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মারাধর গ্রামের মোজাম্মেল হকের পুত্র এবারত আলী তার এক সহকর্মীসহ রবিবার ভোরে গরু আনতে মলানী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যায়। বিএসএফ সদস্যরা এবারতকে দেখতে পেয়ে ধাওয়া করে তাকে আটক করে। এরপর ভারতের অভ্যন্তরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারপিটের এক পর্যায়ে সে মারা যায়।