দেখা করলেন লিমন

মানবাধিকার কমিশন পাশে ছিল, আছে থাকবে :ড. মিজান

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, শুরু থেকে মানবাধিকার কমিশন লিমনের পাশে ছিল, আছে এবং থাকবে। লিমনের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয়, সে ব্যাপারে চেষ্টা করবেন বলেও জানান তিনি। গতকাল রবিবার দুপুরে মানবাধিকার কমিশনে গিয়ে ড. মিজানুর রহমানকে ধন্যবাদ জানান র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিতে পা হারানো লিমন। সাক্ষাতের পর লিমন ইত্তেফাককে বলেন, ‘মিজান স্যারের কারণেই আজ সরকার আমার বিরুদ্ধে র্যাবের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিয়েছে। এ জন্যই স্যারকে ধন্যবাদ জানাতে এসেছি।’ এদিকে আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, লিমনের বিরুদ্ধে র্যাবের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে গতকাল বিকাল পর্যন্ত ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে কোন চিঠি যায়নি। লিমনের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য্য জানিয়েছেন, আগামী ১৩ আগস্ট র্যাবের বিরুদ্ধে আদালতে লিমনের মায়ের দায়ের করা মামলার রিভিশন শুনানির তারিখ ধার্য আছে। ইতিপূর্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে র্যাবের বিরুদ্ধে করা মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন সঠিক বলে আদেশ দেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর লিমন আরো বলেন, ‘আমি স্যারের সাথে দেখা করে ৩টি দাবি জানিয়েছি। এগুলো হচ্ছে— আমাকে পঙ্গু করার জন্য দায়ী র্যাব সদস্যদের বিচারকার্য পরিচালনায় তার সহযোগিতা কামনা, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার বিষয়ে সহযোগিতা এবং রাষ্ট্রের কাছে আমার লেখাপড়ার খরচ বহনের জন্য ব্যবস্থা করা। এসব বিষয়ে তিনি আমাকে যথাসম্ভব সহযোগিতা ও বিবেচনা করার আশ্বাস দেন।’ লিমন বলেন, ‘চেয়ারম্যান স্যার আমাকে বলেছেন, আমার মায়ের মামলায় র্যাব দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের বিচার হবে। আমি তোমার সাথে আছি, থাকব।’ অপরদিকে আইন ও সালিস কেন্দ্র র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের মামলায় আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে লিমন।