সিটি মেয়রের বেতন-ভাতা ৯৪ হাজার ৫শ’ টাকা
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৭
দেশের ১১টি সিটি করপোরেশনের মেয়রদের অভিন্ন বেতনভাতা নির্ধারণ করে দেয়া হয়েছে। এতদিন ঢাকায় মন্ত্রী ও অন্যান্য সিটিতে প্রতিমন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতনভাতা উত্তোলন করা হতো। অবশ্য এ প্রক্রিয়ায় এ সরকারের সময় গঠিত সিটি করপোরেশন ছিল না। গতকাল রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব শওকত আলীর সই করা এক আদেশে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এখন সকল সিটি মেয়রের মোট বেতনভাতা হবে ৯৪ হাজার ৫০০ টাকা। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী সকল সিটি করপোরেশনের জন্য অভিন্ন বেতনভাতা নির্ধারণ করে দেয়া হয়েছে।
বেতন বাবদ এই ব্যয় সংশ্লিষ্ট সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে নির্বাহ করতে হবে। ‘দ্য মিনিস্টারস, স্টেট মিনিস্টার এন্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন এন্ড প্রিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৩ অনুযায়ী প্রতিমন্ত্রীর মাসিক সম্মানী ৪৭ হাজার ৮০০ টাকা। মেয়রের বেতন হবে মাসিক ৪৪ হাজার ৫০০ টাকা, বাড়ি ভাড়া ৪০ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ১০ হাজারসহ মোট ৯৪ হাজার ৫০০ টাকা।
নবগঠিত নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রংপুরসহ বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহীর নির্বাচন শেষ হয়েছে। রংপুর ছাড়া অন্য সবকটি সিটিতে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর পরাজয় হয়েছে। নারায়ণগঞ্জে নাগরিক ফোরামের ব্যানারে জিতেছেন আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভি। তিনি হারিয়েছেন ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীকে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগেই হয়েছে। সেখানেও বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র হয়েছেন। ঢাকা সিটি করপোরেশনকে দুই অংশে বিভক্ত করার পর সীমানা সংক্রান্ত জটিলতায় এর নির্বাচন এখনো হয়নি। সাম্প্রতিক সময় খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটির নির্বাচন হওয়ার পর মেয়রদের পদমর্যাদা ও বেতনভাতার বিষয়টি আলোচনায় আসে। এর আগে এরশাদ জমানায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুকে একই সঙ্গে ঢাকার মেয়রের দায়িত্ব দেয়ার পর থেকে এ পদটি মন্ত্রীর মর্যাদাসম্পন্ন বলে গণ্য করা হতো। খুলনা ও চট্টগ্রামের মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা বা এর সমান বেতনভাতা নেয়ার সুযোগ দেয়া হয়। যদিও সিটি করপোরেশন আইনে এ ধরনের কোন বিধান নেই। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক আদেশ দিয়ে পদমর্যাদা নির্ধারণ করে দেয়া হয়েছিল। তবে এখন মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, বেতনভাতা নির্ধারণের সঙ্গে পদমর্যাদার সম্পর্ক জড়িত নয়।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের মেয়র আইভিকে মাসিক বেতনভাতাসহ ৯১ হাজার টাকা, কুমিল্লার মনিরুল ইসলামকে ৮৫ হাজার টাকা এবং রংপুরের শরফুদ্দিন আহমেদ ঝন্টুকে ৮৮ হাজার টাকা মাসিক বেতনভাতা দেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেয়া হয়। প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ বিভাগে পাঠানো হয়। দীর্ঘদিন পড়েছিল প্রস্তাব। এখন অর্থ মন্ত্রণালয় তা অনুমোদন করেছে।