সংলাপের পরিবেশ তৈরি করুন, আমরা বসতে প্রস্তুত
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সময়মতো নির্বাচন করতে হলে দ্রুত সংলাপ ডাকুন। সংলাপের পরিবেশ তৈরি করুন, আমরা বসতে প্রস্তুত আছি। সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে দেশকে সংঘাত থেকে মুক্ত করা সম্ভব নয়। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরামের উদ্যোগে আয়োজিত ‘সংলাপ না সংঘাত, নির্বাচন না তৃতীয় শক্তি, কোন্ পথে রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, তারা সংলাপের বদলে লগি-বৈঠা নিয়ে আন্দোলনের নামে দেশে সংঘাত সৃষ্টি করতে চায়। কিন্তু এদেশের মানুষ সংলাপের মাধ্যমে একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার চায়।
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, অতীতের সব নির্বাচনে জনগণ গণতন্ত্রের প্রতি রায় দিয়েছে। দেশের মানুষ গণতন্ত্র চায়, সংঘাত নয়। ‘সিটি নির্বাচনে পরাজিত প্রার্থীরা সত্, তারপরও জনগণ তাদেরকে ভোট দেয়নি। যাদেরকে ভোট দিয়েছে, তারা হলো বিএনপির অসত্ দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ সরকারের এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, আপনাদের প্রার্থীরাই অসত্ ও দুর্নীতিবাজ। তাদের অপকর্মের কারণেই জনগণ গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি প্রার্থীদের নির্বাচিত করেছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে এবার অন্তত গণতন্ত্রের পথে থাকুন। এদেশের শতকরা ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।
অল কমিউনিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবদল সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।