প্রেসিডেন্টের মেয়াদ শেষে দেশ ছাড়বেন জারদারি!
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৮
আগামী সেপ্টেম্বরে মেয়াদ শেষে দেশ ত্যাগ করতে পারেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিরাপত্তার হুমকি এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আবার সচল হতে পারে এই আশঙ্কায় তিনি দেশ ছাড়তে পারেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নিরাপত্তাজনিত হুমকির কারণে তার এক ঘনিষ্ঠ বন্ধু তাকে দেশ ত্যাগের পরামর্শ দিয়েছেন। এছাড়া সুইজারল্যান্ডে জারদারির বিরুদ্ধে যে দুর্নীতি মামলা রয়েছে তার আবার চালু হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট এই মামলা পুনরায় চালুর বিষয়ে শুনানি করেছে। জারদারির আইনজীবী এ বিষয়ে অবগত যে, মামলার ক্ষেত্রে তার প্রেসিডেন্ট থাকার বিষয়টি কাজে নাও আসতে পারে। আর জারদারির প্রধান নিরাপত্তা কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি তার এবং পরিবারের জন্য আগাম কোনো দুঃসংবাদ বলে অনেকে মনে করছেন। তিনি প্রেসিডেন্ট পদ থেকে চলে গেলেই এই ধরনের হামলা তার ওপর হতে পারে। কারণ ওই সময় তার জন্য বর্তমানের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকবে না।