আল্লামা শফীকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিদ্বেষমূলক

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে শনিবার গণভবনের এক অনুষ্ঠানে আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অবমাননাকর ও অশোভন’ বলে আখ্যায়িত করে বলেছেন, আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিডিও কারসাজির মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠি হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী’র খণ্ডিত বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। আল্লামা শফী সারাদেশে মুসলমানদের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তার ওয়াজ এবং বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন প্রশ্নই আসে না। নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবীতে আন্দোলনে সোচ্চার হওয়ায় একটি মহল তার ৫/৭ বছর আগের পুরোনো গ্রাম্য এলাকার কিছু ওয়াজের খণ্ডিত বক্তব্য আধুনিক প্রযুক্তির আশ্রয় নিয়ে ভিডিও কারসাজি করে বিকৃতভাবে উপস্থাপন করে ১৩ দফার ঈমানী আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। বিবৃতিতে তারা বলেন, ইসলামবিদ্বেষী গোষ্ঠি হেফাজতের ১৩ দফা দাবির ব্যাপারে নানা অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে এখন হেফাজত আমীরের চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিশেষ করে গত ৫ মে শাপলা চত্বরে ইসলামপন্থীদের উপর ভয়াবহ গণহত্যার দীর্ঘমেয়াদি প্রভাবে যখন সারাদেশে নাস্তিক্যতাবাদী শক্তি ও তাদের দোসররা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হতে শুরু করেছে, তখনই জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করতে আল্লামা শফীর পুরোনো ওয়াজকে বিকৃতভাবে উপস্থাপন করে তার চরিত্র হননের আশ্রয় নিয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, আল্লামা শফীর নামে প্রচারিত যেসব শব্দ ও ভাষাকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যায়িত করা হচ্ছে, উদাহরণ সংবলিত এই ধরনের ভাষা ব্যবহার করে ওয়াজ যুগ যুগ ধরে গ্রামগঞ্জে চলে আসছে। এসব ওয়াজকে কখনও কুরুচিপূর্ণ বলতে শোনা যায়নি। মূলত নারীদের উপযুক্ত ও শরীয়তসম্মত কর্মপরিবেশ সৃষ্টি না থাকায় নিরাপত্তাহীনতার কারণে নারীরা ইভটিজিং, ধর্ষণসহ নানা বিপত্তির মুখে পড়ছেন- এ বিষয়টি তিনি জাতিকে বারবার বুঝানোর চেষ্টা করে আসছেন। বিবৃতি প্রদানকারীরা হলেন-ঢাকা মহানগর আহবায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।