ইউরোপ বাংলাদেশের সব পণ্যের অবাধ প্রবেশাধিকার দিয়েছে
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৯
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের টেক্সটাইল পণ্যের জন্য কোন সময়ই জিএসপি সুবিধা দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন প্রথম থেকেই বাংলাদেশের সব পণ্যের জন্য অবাধ প্রবেশাধিকার দিয়েছে। আর এ সুবিধা দেয়ার ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশ উন্নয়নের ধারায় অগ্রসর হয়েছে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত রাখবে। গতকাল রবিবার নারায়ণগঞ্জ নগর ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্র্যাক নারায়াণগঞ্জের দরিদ্র ও দুস্থ নারীদের অর্থনৈতিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও এর কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমেদ, ব্র্যাকের জেন্ডার জাস্টিজ এন্ড ডাইভারসিটি কর্মসূচির পরিচালক শীপা হাফিজা।