পদ্মা সেতু দুর্নীতি মামলা

সেপ্টেম্বরে আবার কানাডায় যাবে দুদক প্রতিনিধি দল

প্রস্তাবিত পদ্মা সেতুর দুর্নীতি মামলার প্রাক-শুনানিতে উপস্থিত থাকার জন্য ফের কানাডা যাবে দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধিদল। গতকাল রবিবার বিকালে সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দুদক টিম দ্বিতীয়বারের মতো কানাডা যাবে। তিনি বলেন, আগামী নয় সেপ্টেম্বর কানাডায় পদ্মাসেতু দুর্নীতির শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে দুদকের এই প্রতিনিধি দল অংশ নেবে। তিনি উল্লেখ করেন, মামলার শুনানির দিন যাতে দুদক প্রতিনিধিদল সেখানে উপস্থিত থেকে বিচারকার্য পর্যবেক্ষণ করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিচালক মির্জা জাহিদুল আলম এবং আইন উপদেষ্টা এডভোকেট আনিসুল হক এই মামলার শুনানির সময় কানাডায় গিয়েছিলেন। তবে তারা কানাডা থেকে কোনো ধরনের তথ্য আনতে পারেননি।