সিলেটে ছাত্রলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় ৩৯ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৫০
নগরীর ফাজিলচিশতে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল আজাদ খানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং আম্বরখানায় দু’টি গাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা কালা ফারুক ও আব্দুল মুমিনসহ ৩৯ জনের বিরুদ্ধে কোতয়ালি ও বিমানবন্দর থানায় পৃথক মামলা হয়েছে। ফয়সল আজাদ খান জানান, শুক্রবার রাত ৯ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা । পীযূষ কান্তি দে ও কালা ফারুকের নেতৃত্বে ৭০-৮০ জন ক্যাডার তারা ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলা এবং তার আত্মীয়ের দু’টি গাড়িও ভাংচুর করে। এদিকে গত শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে নগরীতে সাবেক ছাত্রলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, দু’টি গাড়ি ভাংচুর শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পীযূষ কান্তি দে। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, এ ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই। কালা ফারুকের সঙ্গে গত দুই মাস ধরে আমার রাজনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন।
ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল ক্যাডারসহ ৫ জন আটক
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম লায়ন ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল ক্যাডার কালা জামালসহ পাঁচজনকে আটক করেছে। শনিবার সন্ধ্যার পর নগরীর মদিনা মার্কেট ও রেল স্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সূত্র জানায়, ছিনতাইয়ের প্রস্তুতিকালে মদিনা মার্কেট এলাকা থেকে ছাত্রদল ক্যাডার জামাল আহমদ ওরফে কালা জামালকে আটক করে পুলিশ। কালা জামাল সুবিদবাজার নুরানী ৪৩/১২ এর বাসিন্দা । এদিকে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার বদিকোন বড় বাড়ির আলী সায়েফকে আটক করে পুলিশ। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে আরো ৩ জনকে আটক করা হয়। তারা হচ্ছে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার রাশেদুল ইসলাম রাসেল (২৩), জালাল উদ্দিন মাইকেল (২২) এবং ভার্থখলার মীর্জা আসলাম বেগ ওরফে আতিক মীর্জা (২২)।