লক্ষ্মীপুরে এসআইসহ আহত ৭, বিজিবি মোতায়েন
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ১৪:২৬
আজ দুপুরে জেলার রামগঞ্জের আলীপুরে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের এসআই ফারুকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থলকে জাহিদ ও সজীব নামে দুই শিবির কর্মীকে গ্রেফতার করে। শহরে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা শহর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া সকালে শহরের মিয়া রাস্তার মাথা ও দালাল বাজার এলাকায় বন বিভাগের গাছ কেটে লক্ষ্মীপুর-রামগতি ও ঢাকা-রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থকরা। এসময় ওই সব স্থানে ১০/১২ টি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির ক্যাডাররা।
সকালে লক্ষ্মীপুর শহরের তেরবেকী নামক স্থানে একটি ট্রাক ও রায়পুর পৌর শহরের বিভিন্ন স্থানে ৮/১০টি যানবাহন ভাংচুর করে হরতাল সমর্থকরা।
অপর দিকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালে সমর্থনে মিছির বের করলে পুলিশি বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।
এছাড়া সকাল থেকে শহরের উত্তর তেহমুনী, দক্ষিণ তেহমুনী, আলিয়া মাদ্রাসা, দালাল বাজার ও বিসিক শিল্পনগরী ও ইটেরপোল এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা।
এদিকে নাশকতার আশংকায় ভোর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ।
শহরে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা শহর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।