শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

গতকাল সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিকে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও লেনদেন বাড়াকে ইতিবাচক বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতালের কারণে গতকাল হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও অনেকেই ফোনের মাধ্যমে লেনদেন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৮৩২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৪৩ শতাংশ বেশি। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, দুইদিন শেয়ারবাজারে সূচক পতনের পর গতকাল কিছুটা ঊর্ধ্বমুখী ভাব দেখা গেছে। ক্রয়ের প্রবণতা থেকেই সূচকের এ ঊর্ধ্বগতি। বাজারে শীর্ষ মূলধনের ১০টি কোম্পানি ঘিরেই প্রায় ৪৩ ভাগ লেনদেন হয়েছে। এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল জ্বালানি খাত। এ খাতের কোম্পানির শেয়ারগুলোর লেনদেন হয়েছে ২১৭ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৬ শতাংশ। এছাড়া টেলিকমিউনিকেশন খাত ও ইঞ্জিনিয়ারিং খাতও লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল।তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬৬১ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫০ কোটি ৮৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির শেয়ারের।