২০১৪ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২০:৩১
২০১৪ সালের মধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। এ লক্ষ্যে সংস্থাটি ইতোমধ্যে ৬টি দেশি-বিদেশি মাননির্ধারণী প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ ইস্যু করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বাধ্যবাধকতা পূরণ করেছে। বিএবি’র আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে বাংলাদেশ গুণগতমানের পণ্য উত্পাদন ও রপ্তানি বাণিজ্য প্রসারের ক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে। গতকাল শিল্প মন্ত্রণালয়ের এনপিও সম্মেলন কক্ষে ’আন্তর্জাতিক মানসনদ আইএসও/আইইসি ১৭০২৫ এর ওপর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দু’দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর মহাপরিচালক মোহাম্মদ আবু আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। এতে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক সুধাকর দত্ত, ডিবিএল গ্রুপের টেক্সটাইল টেস্টিং সার্ভিস লিমিটেড এর মান নিশ্চয়তা বিষয়ক সমন্বয়ক মোঃ ইমাম হোসেন, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড-এর মাননিয়ন্ত্রণ কর্মকর্তা মোমেনা আক্তার বক্তব্য রাখেন। উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ফিশারিজ ও সিমেন্ট ল্যাবরেটরির ২৯ জন কোয়ালিটি ব্যবস্থাপক অংশ নেন। শিল্পমন্ত্রী তাদের হাতে সনদ তুলে দেন।