চলে গেলেন চিত্রগ্রাহক মাসুদ রানা

এ সময়ের তরুণ, প্রতিভাবান ও ব্যস্ত চিত্রগ্রাহক মাসুদ রানা গত ১৪ জুলাই দিবাগত রাত প্রায় ৩টার সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই সময় শুটিং শেষে বাসা ফেরার পথে মিরপুর ডিওএইচএস-এর পাশে মিরপুর ১২-এর চত্বরে ট্রাক চাপায় তার অকাল মৃত্যু ঘটে। ডি ইউ শুভর পরিচালনায় ‘নবনিতা তোমার জন্য’ নাটকের শুটিং শেষে ফেরার পথেই মর্মান্তিক এই ঘটনার শিকার হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। গতকাল দুপুরে তার নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত ও দাফন সম্পন্ন হয়। যশোরের কিশোরপুর গ্রামে তার জন্ম। এ পর্যন্ত ছোটপর্দার বহু নাটক-টেলিফিল্মের চিত্রগ্রাহকের কাজ করেছেন তিনি। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম ও মিডিয়ার উপর পড়াশোনা করেছেন। কিছুদিন আগে ‘অন্তরে অন্তরে’ রিমেক চলচ্চিত্রের শুটিংও করেছেন তিনি। ওই ছবিটির ২০ শতাংশ শুটিং সম্পন্ন হয়। বাকি শুটিং আগামী মাসের মধ্যেই শুরু হওয়ার কথা ছিল। তার মৃত্যুতে শোবিজ মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচালক ও তারকারা শোক গাঁথা জানিয়েছেন।