সিরিয়ায় বাশারবিরোধী যুদ্ধে যোগ দিচ্ছে পাকিস্তানি তালেবান
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২১:১১
সিরিয়ায় শিবির গেড়েছে পাকিস্তানের তালেবানরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধ করার জন্য শত শত যোদ্ধাও পাঠিয়েছে তারা। আল কায়েদার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বন্ধন সুদৃঢ় করাই এর লক্ষ্য। দুই বছরের বেশী সময় আগে শুরু হওয়া আসাদ-বিরোধী আন্দোলনের পর থেকে বিদেশি সুন্নি যোদ্ধাদের কাছে সিরিয়া এক চুম্বকক্ষেত্রে পরিণত হয়েছে। এরা শিয়া দমন-পীড়নের বিরুদ্ধে একে পবিত্র যুদ্ধ হিসেবে দেখছে। আর এ কারণেই অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় যাচ্ছে যুদ্ধে অংশ নিতে। এসব যোদ্ধা মূলত আরব বসন্তের ফলে সৃষ্ট সংঘাতের কারণে লিবিয়া এবং তিউনিসিয়ার মতো বিদ্রোহ জর্জরিত পার্শ্ববর্তী দেশগুলো খেকে সিরিয়ায় যাচ্ছে। আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরার মতো জঙ্গি দলগুলোর পাশাপাশি লড়ছে তারা। রবিবার পাকিস্তানের তালেবান কমান্ডাররাও সিরিয়া যুদ্ধে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। শ’ শ’ যোদ্ধা সিরিয়ায় তাদের মুজাহিদীন ভাইদের সঙ্গে লড়তে গেছে বলে জানান তিনি। এক ঊর্ধ্বতন তালেবান কমান্ডার রয়টার্সকে জানান, “আমাদের ভাইদের যখন আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা আমাদের আরব বন্ধুদের মতো শত শত যোদ্ধা পাঠিয়ে দেই”। সিরিয়ায় এসব যোদ্ধার লড়াই জয়ের ভিডিও শিগরিরই দেখানো হবে বলেও জানান তিনি। তালেবানদের সিরিয়া যুদ্ধে যোগ দেয়ার এ ঘোষণা দেশটির মাঠ পর্যায়ের পরিস্থিতিকে আরো জটিল করেছে। সিরিয়ায় ইতোমধ্যেই ‘ফ্রি সিরিয়ান আর্মি’র সঙ্গে ইসলামপন্থিদের বৈরিতা বাড়ছে।
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশির ভাগ এলাকাই এখন ইসলামপন্থিদের দখলে। লাটাকিয়ায় এক বিরোধের জেরে ‘ফ্রি সিরিয়ান আর্মি’র শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর উত্তেজনা আবার নতুন করে বেড়েছে। তাছাড়া, ইরানের শিয়া যোদ্ধা এবং হিজবুল্লাহদের সহায়তায় আসাদ বাহিনী যুদ্ধে জয় পাওয়ার এ সময়টিতে এর বিরুদ্ধে তালেবানদের লড়াইয়ে যোগ দেয়ার এ খবর এল। পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক তালেবান কমান্ডার বলেছেন, সিরিয়ার যোদ্ধা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে আরব বন্ধুদেশগুলোর অনুরোধেই। তিনি বলেন, “আমাদের আরব ভাইরা এখানে আমাদের সমর্থন চাইতে আসায় আমরা সহায়তা করেছি। সিরিয়ায় আমরা সেটাই করেছি। আফআমরা সিরিয়ায় নিজেদের শিবির স্থাপন করেছি। আমাদের কিছু মানুষ সেখানে যায় এবং কিছুদিন লড়াইয়ের পর আবার ফিরে আসে”।