এবছর হজ্ব পালন করতে পারবেন ৮৯ হাজার জন
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:০০
চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ্ব পালন করতে পারবেন ৮৮ হাজার ৯১৩ জন। সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এ কথা জানান।
এদিকে জামায়াতের ডাকা হরতালের কারণে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেননি।
লুত্ফুর রহমানের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আসন্ন হজ্ব মওসুমে হাজীদের সর্বাত্মক সেবা প্রদানের জন্য সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। পবিত্র ঈদ-উল-ফিতরের পর ২০ দিনের মধ্যে হজ্ব এজেন্সিগুলোকে সৌদি আরবে বেসরকারি ব্যবস্থাপনায় হাজীদের জন্য বাড়ি ও হোটেল ভাড়ার কাজ সম্পন্ন করতে হবে। সরকার ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রতি ৪৫ জন হাজীর জন্য একজন করে হজ্ব গাইড, হজ্বক্যাম্প প্রস্তুত, পুলিশ ভেরিফিকেশন, হজ্বযাত্রীদের টীকা প্রদান এবং পরিবহন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গত বছর হজ্বের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩৯টি হজ্ব এজেন্সীর বিরুদ্ধে মামলাসহ প্রায় তিন কোটি টাকা জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।