ইসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কর্মবিরতি

পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশন সচিবালয়ে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে সচিবালয়ের সদর দরজায় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি শেষে দাবি আদায়ে ঐক্য পরিষদের মহাসচিব রেজাউল মোস্তফা আজ মঙ্গলবার সকাল ১১টায় আবার কর্মবিরতির ঘোষণা দেন। কর্মবিরতি চলার সময়ে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিকের পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছ থেকে সময় চেয়ে রমজান পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়; কিন্তু আন্দোলনকারীরা এতে আশ্বস্ত না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পূর্বের অবৈধ পদোন্নতি প্রত্যাহার, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রজাতন্ত্রের কর্মচারী ঘোষণা, পদোন্নতি যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি প্রদান ও নতুন নিয়োগ বন্ধ করা, নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) ১৯৭৯ বিধিমালাসহ বেশকিছু দাবি নিয়ে কর্মবিরতি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।