কেসিসি নির্বাচনের ১ মাস

নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা দেননি তিন মেয়রসহ ১৬৫ কাউন্সিলর প্রার্থী

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের পর এক মাস অতিবাহিত হলেও ৩ মেয়র ও ১৬৫ জন কাউন্সিলর প্রার্থী এখনো ব্যয়ের রিটার্ন জমা দেননি। গতকাল সোমবার পর্যন্ত নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছেন মাত্র ১৭ জন কাউন্সিলর প্রার্থী। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে ব্যয়ের রিটার্ন জমা না দিলে প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। গত ১৫ জুন অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৭ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৫ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডের ১৩ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডের ৪ জন কাউন্সিলর প্রার্থী ব্যয়ের রিটার্ন জমা দিয়েছেন। তবে নব-নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনি, বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেক ও অপর মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু এখনও তাদের ব্যয়ের রিটার্ন জমা দেননি। আগামী ৩/৪ দিনের মধ্যে তারা রিটার্ন জমা দিবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবর রহমান বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন আইনে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে (২৪ জুলাই) যারা রিটার্ন জমা দিবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।