মুণ্ডুমালা পৌরসভায় খাবার পানির তীব্র সংকট
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:০১
বরেন্দ্র অঞ্চল খ্যাত তানোরের মুন্ডুমালা পৌর এলাকায় বর্ষাতেও খাবার পানির তীব্র সংকট চলছে। পানি সংকট মোকাবেলায় ও মানুষের দুর্ভোগের অবসানে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র গোলাম রাব্বানী।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌর কর্তৃপক্ষ নিজ তহবিল থেকে ৭ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার পাঁচটি স্থানে বিদ্যুত্ চালিত গভীর নলকূপ (পাম্প) স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু ১৪০ ফুট গভীরে বোরিং করেও ভূ-গর্ভস্থ পানির স্তর পাওয়া যায়নি। ফলে পৌর কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলেও এলাকাবাসীর বিশুদ্ধ খাবার পানির সংকট মেটেনি। তাই নিরুপায় হয়ে ওইসব গ্রামের গৃহবধূ ও কিশোরীরা দুপুরের দিকে খাবার পানি সংগ্রহের জন্য সারিবদ্ধ হয়ে মাটির কলস ও বালতি নিয়ে পাশের গ্রামে ছুটছে। মাসের পর মাস তারা এভাবে খাবার পানি সংগ্রহ করছে। ভুক্তভোগীরা বলেন, জনদুর্ভোগ বিবেচনায় পৌর মেয়রের উদ্যোগে বেশ কয়েকটি টিউবওয়েল বসানো হয়েছিল। কিন্তু সেগুলোর কোনোটিতেই এখন আর পানি আসে না। স্থানীয় হোটেল ব্যবসায়ী সূর্য ও ভাত ব্যবসায়ী মনির বলেন, মুন্ডুমালা বাজারে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ইচ্ছা থাকলেও গ্রাহকদের বিনামূল্যের খাবার পানি সরবরাহ করা যাচ্ছে না।