কাঁচা মরিচের আমদানি শুল্ক কমছে

কাঁচা মরিচ আমদানিতে সকল ধরনের শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাঁচা মরিচের শুল্ক প্রত্যাহারের যৌক্তিকতা তুলে ধরে গতকাল অর্থ মন্ত্রণালয়ে একটি সার সংক্ষেপ পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে আজ বা আগামী কাল আদেশ জারি (এসআরও) করবে এনবিআর। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে কাঁচা মরিচ আমদানিতে প্রায় ৯৩ শতাংশ শুল্ক-কর পরিশোধ করতে হচ্ছে। এনবিআরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গতকাল এ বিষয়ে ইত্তেফাককে বলেন, ‘আমরা শুল্ক কমানোর বিষয়ে আজ (গতকাল) অর্থ মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন পেলে শিগগিরই এসআরও হবে।’ তবে কত শতাংশ শুল্ক কমানো হবে সে বিষয়ে কিছু জানাতে চাননি তিনি। এদিকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। গত শনিবার রাতে ভারত থেকে প্রায় ৬০ টন কাঁচা মরিচ আমদানি হয়। এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন গতকাল ইত্তেফাককে বলেন, ইতিমধ্যে প্রায় দেড়শ টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি হয়েছে। আরো অন্তত ২০০ টন প্রবেশের অপেক্ষায় সীমান্তে রয়েছে। তিনি বলেন, ওই সব চালান আসলে মরিচের দাম আরো কমবে।