মুন্সীগঞ্জে ডাকাতের হামলায় যুবক নিহত

সদর উপজেলার সুয়াপাড়া গ্রামে ডাকাতের হামলায় ফয়সাল ভূইয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। জখম হয়েছে তার পিতা চুন্নু ভূইয়া (৭৫)। তাকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের ভাই ফরহাদ ভূইয়া জানান, রবিবার রাতে এক দল ডাকাত বাড়িতে আসে। লোকজনের টের পেয়ে তার বাবা চুন্নু ভূইয়া ঘরের দরজা খুলতে তাকে রাম দা দিয়ে কোপ দেয়, ছোট ভাই ফয়সাল বাবাকে রক্ষায় ছুটে আসলে তাকেও কোপ দেয় এবং দু’জনকেই বেঁধে ফেলে। তাদের আর্তচিত্কারে অন্য ঘর থেকে যাতে লোকজন আসতে না পারে, তাই ডাকাতরা গুলি করার হুঙ্কার দেয়। পরে তারা ঘরের আসাবাপত্র তছনছ করে। এই সময় ফরহাদ ভূইয়া পাশের ঘরে ছিলেন। ডাকাতরা চলে যাওয়ার পর তাত্ক্ষণিক জখম পিতা-পুত্রকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।