নওগাঁয় চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাক ছিনতাই

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের পাশে মহাদেবপুর-পোরশা সড়কে ব্যারিকেড দিয়ে সোমবার ভোররাতে চালক-হেলপারকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে ট্রাক ছিনতাই করা হয়েছে। ওইদিন সকালে এলাকাবাসী সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় চালক তুলা মিয়া (৪০) ও হেলপার আলম মিয়াকে (২৫) উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। জানা গেছে, রাতে টাঙ্গাইল থেকে ফল বহনকারী ৩০০টি প্লাষ্টিকের খালি ক্যারেট বোঝাই (নরসিংদী ন-১১-০১৪৫ নম্বরের) একটি ট্রাক পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে যাচ্ছিলো। এসময় ঘটনাস্থলে ৭ থেকে ৮ জনের একদল ডাকাত সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে। এ বিষয়ে মহাদেবপুর থানার পরিদর্শক (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত গ্রেফতার ও ট্রাক উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।