চরভদ্রাসনে ২শ’ একরের
ধান পানির নিচে
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:১২
গত দু’দিনে আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে উপজেলার প্রায় ২শ’ একর জমির আউশ আমন ধান তলিয়ে গেছে। সোমবার পদ্মা নদীর পানি বিপদসীমার ২০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়। এতে চরাঞ্চলের ফসলী মাঠ ও পদ্মার পাড় ঘেঁষে আউশ ধানসহ উঠতি আমন ধানী জমিগুলো তলিয়ে গেছে।
এতে উপজেলার প্রায় দেড় শতাধিক কৃষক নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার থেকে আকস্মিক পানি বৃদ্ধির ফলে উপজেলার ফসলী মাঠগুলো ডুবে গেছে। সদর ইউনিয়নের ডাঙ্গী, হাজীডাঙ্গী, সেকের ডাঙ্গী, বালিয়া ডাঙ্গী, ফাজিলখার ডাঙ্গী, এমপি ডাঙ্গী গ্রামের প্রায় ৬০ একর আউশ-আমন ধানী জমি, চরহরিরামপুর ইউনিয়নের প্রায় ৩০ একর জমি, চরঝাউকান্দা ইউনিয়নের প্রায় ৭০ একর ও গাজীরটেক ইউনিয়নের প্রায় ৪০ একর জমি গত দু’দিনে পানিতে তলিয়ে গেছে। এসব ফসলী মাঠগুলোর মধ্যে বেশিরভাগই আধাপাকা ও থোড় আউশ ধানসহ উঠতি আমন ধান বিনষ্ট হয়েছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানান।