শালিখা নদীর বাঁধ কেটে দেওয়ায় যোগাযোগ বন্ধ

শনিবার রাতে দূর্বৃৃত্তরা তালার শালিখা নদীর গুচ্ছগ্রাম এলাকার তালা-কাটিপাড়া সড়কের বাঁধ কেটে দিয়েছে। এতে নদীর পাশ্ববর্তী কাটিপাড়া বিল, শালিখা গুচ্ছগ্রাম ও এর আশপাশের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কপোতাক্ষের পানি নদী দিয়ে দরমুড়াগাছা ও কলাগাাছি এলাকায় চলে যাওয়ায় এ এলাকার মানুষ আতংকিত হয়ে উঠেছে। এলাকাবাসীর আশংকা, দ্রুত শালিখা নদীর কাটা অংশের বাঁধ সংস্কারসহ স্থায়ী ব্রিজ নির্মাণ না করলে আসছে পূর্ণিমায় ভরাকাটালের প্রভাবে নদীর অববাহিকা প্ল¬াবিত হবে। এদিকে বাঁধ কেটে দেয়ায় নদীর উপর অস্থায়ীভাবে নির্মিত তালা-কাটিপাড়া সড়কের সাঁকো পানির তোড়ে ভেসে গেছে। এর ফলে তালার সাথে পাইকগাছা ও আশাশুনী এলাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয় নসিমন ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা সাঁকোটি যেনতেনভাবে মেরামত করে মানুষ চলাচল ব্যবস্থা কোনভাবে টিকিয়ে রেখেছে। তবে আবারও তা ধসে পড়ার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেছেন, নদী খনন প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারের নির্দেশে এলাকার কতিপয় দূর্বৃত্ত উক্ত বাঁধ কেটে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত শালিখা নদী খনন প্রকল্প বাস্তবায়নের প্রথম থেকেই দুর্নীতির অভিযোগ উঠে। এ নিয়ে প্রতিবাদ করেও কোন লাভ হয়নি।