সেহরির স্পেশাল চার পদ

চলছে রমজান। আর এই সময়টাতে সেহরিতে আমরা সবাই কমবেশি সুস্বাদু খাবার খেতে পছন্দ করি। তাই আমাদের এই আয়োজনে রইল এমন কয়েকটি রেসিপি যা আপনাকে স্বাদের পাশাপাশি শরীরের পুষ্টি চাহিদা পূরণের নিশ্চয়তা। রেসিপি দিয়েছেন হাসিনা আনসার

 

চিকেন আদোবো (ফিলিপাইন ডিশ)

উপকরণ :মুরগির মাংস ২৫০ গ্রাম, রসুন ছেঁচা ৪ কোয়া, পেঁয়াজ কুচি ১টি মাঝারি, তেজপাতা ২/৩টি, সয়াসস আধা কাপ, সিরকা ৫ টেবিল চামচ, চিনি সামান্য, পানি ২ কাপের কম, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি :মুরগির মাংস বড় বড় টুকরো করে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে লবণ, গোলমরিচের গুঁড়া, সয়াসস ও সিরকা দিয়ে মেরিনেট করুন ৩০ মিনিট। প্যানে অলিভ অয়েল দিন। এবার পেঁয়াজ ও ছেঁচা রসুন দিন। একটু নাড়াচাড়া করুন। এরপর মেরিনেট করা মুরগির মাংসের বড় টুকরোগুলো দিন। এপাশ ওপাশ করে উল্টে দিন। সয়াসস, সিরকা ও তেজপাতা দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর উল্টে দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে উনুনের আঁচ বাড়িয়ে দিন। পানি শুকিয়ে ফেলুন। তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।                        

রেস্তোরাঁর স্টাইলে চিকেন কারি

উপকরণ :মুরগির মাংস ৭৫০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বাটা ৩/৪টি মিডিয়াম, টমেটো পিউরি আধা কাপ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনের গুঁড়া আধা চা চামচ, তেল ৪/৫ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, গোটা দারুচিনি ১ টুকরো, এলাচি ৩টি, তেজপাতা ২টি, টকদই আধা কাপ, ফ্রেশক্রিম ১/৪ কাপ, টমেটো সস ৩ টেবিল চামচ, কাঁচামরিচ (ফালি করা) কয়েকটি।

প্রস্তুত প্রণালি :মুরগির মাংস টুকরো করে ভালোভাবে ধুয়ে নিন। এবার তেল, ঘি ও কাঁচামরিচ ছাড়া সকল উপকরণ একসঙ্গে মেখে ৩০ মিনিট রাখুন।

প্যানে তেল দিন। মেরিনেট করা চিকেন দিন। এপাশ ওপাশ করে উল্টে দিন। এবার মেরিনেট করা মসলা দিন। জোর আঁচে রাখুন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে কয়েকটি কাঁচামরিচ দিন। ওপরে ধনেপাতা ও আদা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।       

 

 

খেজুরের লাচ্ছি

উপকরণ :দুধ/লাবাং ২৫০ গ্রাম, খেজুর ৫/৬টি, বাদাম ৫/৬টি, কাজু বাদাম ৫/৬টি, পেস্তা বাদাম ৬/৭টি, মিষ্টি দই আধা কাপ, ফ্রেশক্রিম ৩ টেবিল চামচ, আইস কিউব ২টি।

প্রস্তুত প্রণালি :খেজুর বিচি ছাড়িয়ে দুধে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এবার এই ভিজিয়ে রাখা খেজুর, বাদাম, কাজুবাদাম, পেস্তা বাদাম, ফ্রেশক্রিম, মিষ্টি দই, দুধ/লাবাং, আইস কিউব একসঙ্গে ব্লান্ডারে ব্লান্ড করুন। ওপরে পেস্তা বাদাম ও খেজুর কুচি দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা মজাদার ও ভিটামিনে ভরপুর খেজুরের লাচ্ছি। 

 

 

প্রন রাইস

উপকরণ :প্রন মেরিনেটের জন্য :প্রন ৫০০ গ্রাম, লবণ স্বাদমতো, আদা ও রসুন বাটা দেড় টেবিল চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, টকদই আধা কাপ, মিষ্টি দই ৩ টেবিল চামচ, ফ্রেশক্রিম ৩ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, চিলিফ্লেক্স আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, টমেটো কুচি আধা কাপ, ধনে ও পুদিনাপাতা পরিমাণমতো

প্রস্তুত প্রণালি :উপরের সমস্ত উপকরণ একসঙ্গে মেখে রাখুন ৩০ মিনিট।

রান্নার জন্য উপকরণ :পোলাওয়ের চাল/ বাঁশমতি চাল, তেল, ঘি, কাটা পেঁয়াজ ২টি মাঝারি, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪/৫টি, লবঙ্গ ২টি, তেজপাতা ২টি, স্টারএনিস ১টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পানি ২ কাপ, ধনেপাতা কুচি ও পুদিনাপাতা কুচি পরিমাণমতো, কাঁচামরিচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি :যদি পোলাওয়ের চাল হয়, তাহলে ভিজিয়ে রাখুন ১৫/২০ মিনিট। আর যদি বাঁশমতি চাল হয় তাহলে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। প্যানে তেল দিন, কাটা পেঁয়াজ দিন। হালকা সতে করে মেরিনেট করা চিংড়ি দিন। ২ কাপ পানি দিন, লবণ দিন। ভালোমতো বলক হলে ভিজিয়ে রাখা চাল দিন। পানি শুকিয়ে গেলে কয়েকটি কাঁচামরিচ ও গরম মসলা গুঁড়া দিন। ধনেপাতা ও পুদিনাপাতা কুচি দিয়ে ঢেকে দিন। দমে রাখুন ১৫ মিনিট। গরম গরম পরিবেশন করুন।