কার্যপ্রণালী বিধির সংশোধনী উত্থাপন প্রচেষ্টা ব্যর্থ

কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে সংসদে যাতে বক্তব্য প্রদান বন্ধ হয় সে লক্ষ্যে দু’টি সংশোধনী উত্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সরকার দলীয় তরুণ সদস্য জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদের কার্যপ্রণালী বিধির দু’টি সংশোধনীর বিষয়ে আপত্তি জানালে স্পিকার সংশ্লিষ্ট সদস্যকে উত্থাপনের অনুমতি দেননি। গতকাল দুপুরে সরকার দলীয় সদস্য জুনাইদ আহমেদ পলক নোটিস প্রদান করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রথমে বিষয়বস্তু পাঠ করেন। এরপর তিনি জুনায়েদ আহমেদ পলককে তার নোটিস উত্থাপনের জন্য ফ্লোর দেন। সাথে সাথে প্রধানমন্ত্রী নিজ আসনে দাঁড়িয়ে স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, এভাবে কার্যপ্রণালী বিধির সংশোধনী সংসদে আনা যায় কিনা আমি জানি না। প্রধানমন্ত্রী বলেন, কার্যপ্রণালী বিধি নিয়ে একটি কমিটি রয়েছে। তার আগে বিষয়টি নিয়ে স্পিকারের সাথে আলোচনার বিষয় রয়েছে। এগুলো না করেই একজন সরকার দলীয় সদস্য এভাবে অধিবেশনে কার্যপ্রণালী বিধির সংশোধনী আনতে পারেন না। নতুন সংসদ সদস্য এবং এ বিষয়ে তার হয়তো তেমন কোন ধারণা নেই। আমি মনে করি, এভাবে কার্যপ্রণালী বিধি সংশোধনী আনা উচিত নয়। কার্যপ্রণালী বিধি কমিটি সংশোধনীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর তা সংসদে উত্থাপন হওয়া উচিত। স্পিকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্য সংশোধনীর জন্য নোটিস দিয়েছেন। আমরা এটা সংশ্লিষ্ট কমিটিতে পাঠাতে পারবো। এর বাইরে আপাতত এখানে কিছুই করার নেই। এরপরও প্রধানমন্ত্রী নোটিস উত্থাপন নিয়ে বিরোধিতা করেন। পরে স্পিকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাহলে আমি নোটিসটি আজকের মতো স্থগিত করছি। প্রধানমন্ত্রী সম্মতি প্রদানের পর স্পিকার নোটিসটি আপাতত স্থগিত করা হলো বলে ঘোষণা দেন।