পাবনায় ১০ চরমপন্থির
যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:৪২
দীর্ঘ ১৬ বছর পর পাবনার চাঞ্চল্যকর কৃষি কর্মকর্তা তৈয়ব আলী হত্যা মামলায় ১০ চরমপন্থিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। রবিবার দুপুরে পাবনার স্পেশাল জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার এই দণ্ডাদেশ দেন। আদেশে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- নাজির শেখ, আব্দুস সামাদ ওরফে ধলা সামাদ, মকবুল হোসেন, ইব্রাহিম মৃধা, আবু তাহের, এসকেন আলী, মাসুদ খান, মোজাহার আলী, বলাই মিস্ত্রি ও লম্বা সামাদ। এদের মধ্যে নাজির শেখ, ধলা সামাদ, লম্বা সামাদ, ইব্রাহিম মৃধা ও বলাই মিস্ত্রি এই পাঁচ জন আসামি ইতিমধ্যে ক্রসফায়ার বা প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন। রায় ঘোষণার সময় এসকেন আলী ও মাসুদ খান এই দুইজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন মকবুল হোসেন, আবু তাহের ও মোজাহার আলী পলাতক রয়েছেন।
১৯৯৬ সালের নয় মার্চ পাবনা সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা তৈয়ব আলীকে শ্রীপুর নামক এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।