একবার এমপি হয়ে শত কোটি টাকার মালিক হয়ে যান অনেকে

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বলেছেন, এরশাদ ও লাঙ্গলই জাতির শেষ ভরসা। ’৯০-এর পর হতে দেশবাসী এ দু’টি দলের (আওয়ামী লীগ ও বিএনপি) শোষণে শোষিত। গতকাল সোমবার রাজধানীর তোপখানা সড়কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর জাপার এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। ফিরোজ রশীদ আরো বলেন, এরশাদের শাসনামলে দলীয়তন্ত্র ও স্বজনপ্রীতি ছিল না। আমাদের আমলের অনেক সাবেক মন্ত্রী, এমপি অর্থের অভাবে মানবেতর জীবন-যাপন করছেন, এমনকি উন্নত চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার ক্ষমতাও নেই। অথচ এখন অনেকে গণতন্ত্রের মুখোশ পরে ক্ষমতায় এসে একবার এমপি হয়ে শত কোটি টাকার মালিক বনে যান।