জামালপুরে নিম্নাঞ্চল প্লাবিত

জামালপুরের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। গত কদিনের অব্যাহত পানি বৃদ্ধির ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী উপজেলার যমুনা ও ব্রহ্মপুত্র এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, বাহাদুরাবাদ, হাতিবান্ধা, ডাংধরা, চর আমখাওয়া, ইসলামপুর উপজেলার পার্থর্শী, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, নোয়ারপাড়া, সাপধুরী, মেলান্দহ উপজেলার মাহমুদপুর, নাংলা, আদ্রা, ঝাউগড়া, মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা জোড়খালী, বালিজুড়ি ও চরপাকেরদহ, সরিষাবাড়ী উপজেলার পিংনা, আওনা, ভাটারা ও কামরাবাদ, বকশিগঞ্জ উপজেলার সাদুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়ন, জামালপুর সদর উপজেলার লক্ষ্মীর চর, ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার নিম্নাঞ্চলে বীজতলা, শাক-সবজি ও পাটের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার নিম্নাঞ্চলের পাটচাষিরা পাটের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন। পিংনা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জানান, বন্যায় তার ইউনিয়নে শত একর জমির পাট তলিয়ে গেছে। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসউদ্দিন জানান, বন্যায় চরাঞ্চলের ৮-৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে হাজারও নিম্ন আয়ের পরিবারগুলো কর্মহীন হয়ে পড়েছে। ওইসব পরিবারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন বলেও তিনি জানান। সরিষাবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল কাশেম জানান, এবারের বন্যায় চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়ে বীজতলা শাক-সবজি জমির পাট পানিতে তলিয়ে গেছে। তবে খুব বেশি পরিমাণে নয়। এর চেয়ে বেশি পানি বৃদ্ধি না হলে ফসলের খুব একটা ক্ষতির সম্ভবনা নেই। বন্যার পানি নেমে গেলে ফসলের ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।