গণতন্ত্র অবরুদ্ধ দিবস আজ
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:৫৬
গণতন্ত্র অবরুদ্ধ দিবস আজ। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ধানমন্ডিস্থ সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পুলিশের একটি জীপে করে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে শেখ হাসিনার জামিনের আবেদন না মঞ্জুর হয় এবং তাকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত এলাকায় তাকে যথাযথ নিরাপত্তা না দেয়ায় তিনি নাজেহালের শিকার হন। ওই সময়ে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত কয়েকটি মামলায় বিশেষ জজ আদালতে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ওই সব মামলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট মামলাগুলোর বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। আটকের এক বছরেরও বেশি সময় পর তিনি মুক্তি পান। এরপর থেকে আওয়ামী লীগ গ্রেফতারের দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছে।