কুবি’র প্রক্টরিয়াল বডি ও প্রভোস্টের পদত্যাগ
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:৫৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনের কার্যক্রমের প্রতি অনাস্থা জানিয়ে গতকাল সোমবার প্রক্টরিয়াল বডি ও একজন প্রভোস্টসহ ৪ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদিকে রেজিস্ট্রার কার্যালয়ে ৩ দিন ধরে বঙ্গবন্ধু পরিষদ ও দুর্নীতি বিরোধী শিক্ষক জোটের নেতারা তালা লাগিয়ে রেখেছে। এছাড়া অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যসহ ১৩ দফা দাবি না মানায় ভিসিকে প্রত্যাহারের এক দফা দাবিতে তারা গত ৬ দিন ধরে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। শিক্ষকদের এ আন্দোলনের ফলে একাডেমিক ও শিক্ষা কার্যক্রমে অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. আমির হোসেন খানকে এ প্রতিবেদক একাধিকবার ফোন করে পাননি।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সৈয়দুর রহমান, সহকারী প্রক্টর শামীমুল ইসলাম ও মো. জুলহাস মিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিশ্বজিত্ চন্দ্র দেব গতকাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দুর্নীতি বিরোধী শিক্ষক জোট ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের মধ্যে জিএম মনিরুজ্জামান, আইনুল হক, মেহেদী হাসান, রশিদুল ইসলাম শেখ বলেন, ভিসিকে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, রেজিস্ট্রারের কার্যালয়ে গতকালও তারা তালা লাগিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।