হরতালে দেশজুড়ে সংঘর্ষ ভাংচুর অগ্নিসংযোগ
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:৫৮
জামায়াতে ইসলামের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় উপলক্ষে গতকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সহিংসতায় শিবিরের তিন জন এবং আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর:
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : মিরপুর উপজেলার হাসলায় হরতালের সমর্থনে পিকেটিং ও সড়ক অবরোধের চেষ্টাকালে ডাকাত সন্দেহে দুই শিবির কর্মীকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় গুরুতর আহত হয়েছে আরো এক শিবির কর্মী। নিহত শিবির কর্মীরা হলো কুষ্টিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও স্থানীয় হালসা গ্রামের জানবার হোসেনের ছেলে আল মুকিদ তরুণ (২২) ও স্থানীয় হালসা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র খবির আহম্মেদের ছেলে সবুজ আহম্মেদ (১৬)। আহত শিবির কর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের প্রথম বর্ষের ছাত্র স্থানীয় ইশালমারী গ্রামের কফিল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন ফরিদ (২০)। সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সোমবার ভোরে তারা হরতালের সমর্থনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের হালসা ওয়াপদা ব্রীজের নিকট পিকেটিং ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করছিল। এলাকাবাসী এটাকে ডাকাতির চেষ্টা মনে করে লাঠি সোঁটা দিয়ে তাদেরকে পেটায়। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিত্সাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুরে জামায়াত শিবিরের সঙ্গে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শিবির কর্মী নিহত ও পুলিশ বিজিবিসহ ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড় এলাকায় আইন শৃংখলা বাহিনীকে লক্ষ্য করে শিবির কর্মীরা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। শুরু হয় আইন শৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষ। এতে মহদিপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে নূরুল ইসলাম নামে এক শিবির কর্মী নিহত হয়।
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা মোড়ে জামায়াত-শিবিরের পিকেটারদের হামলায় সোমবার সকালে উপজেলার সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আঃ আজিজ নিহত হয়েছেন। তিনি উপজেলার পাচপোতা গ্রামের সুখচানের ছেলে। এ সময় আহত হয়েছে বেলাল নামে অপর এক আওয়ামী লীগ কর্মী।
সাতক্ষীরার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন জানান,ব্যবসায়িক কাজে আজিজ ও আওয়ামী লীগের কর্মী বেলাল ইঞ্জিন ভ্যানযোগে পারুলিয়ায় যাওয়ার পথে সকাল সাড়ে ১১ টার দিকে ধোপাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত-শিবিরের কর্মীরা তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদেরকে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় আজিজ মারা যান। এদিকে বেলালের অবস্থাও আশংকাজনক বলে কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন।
কক্সবাজার প্রতিনিধি :সাবেক জামায়াত নেতা গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার পরপরই কক্সবাজার শহরের ফজল মার্কেটসহ কয়েকটি এলাকায় জামায়াত-শিবিরের নেতা কর্মীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছে। রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী শহরে মিছিল বের করে। এ মিছিল থেকে ১০/১২টি ইজিবাইক, সিএনজি এবং ৫টি দোকান ভাংচুর করা হয়। এসময় ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে জামায়াত-শিবির কর্মীদের নিবৃত করার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা প্রতিনিধি :জামায়াত-শিবিরের হরতালকে কেন্দ্র করে কুমিল¬্লায় সোমবার বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। জেলার চৌদ্দগ্রামে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার ভোর থেকেই হরতালের সমর্থনে জামায়াত-শিবির কুমিল্ল¬া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে এবং পিকেটাররা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ২১ জনকে আটক করেছে।
বগুড়া অফিস : বগুড়ায় হরতাল চলাকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি মোকাবেলায় রাবার বুলেট ও কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় দুই শিবির কর্মীকে আটক করা হয়। সকাল থেকেই বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, রাস্তা অবরোধ, টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
চট্টগ্রাম অফিস : হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীদের হামলা, গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামে অন্তত ৭ জন আহত হয়েছে। তার মধ্যে সকালে আগ্রাবাদ এক্সেস রোডে জামায়াত-শিবির কর্মীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে মোবাইল ফোনের দোকানদার জামাল হোসেন (২৮)।
হরতাল চলাকালে দুপুরে নগরীর কর্ণেলহাট এলাকায় জামায়াত-শিবিরের পিকেটারদের হাত থেকে বাঁচতে গিয়ে একটি কাভার্ডভ্যান ফুটপাতে উঠে যায়। এতে কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং অপর একজন রিক্সাচালক আহত হয়। হরতাল সমর্থকরা সকালে নগরীর চকবাজার ও পাঠানটুলি এলাকায় গাড়ি ভাংচুর করে। তারা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পিকেটারদের হাতে ১০/১২টি যানবাহন ভাংচুরের শিকার হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :জামায়াতের ডাকা গতকাল সোমবারের হরতালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ১০টি গাড়িতে অগ্নিসংযোগ, শতাধিক গাড়ি ভাংচুর, রেল সড়ক অবরোধসহ পুলিশের সাথে শিবির কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি :গতকাল দুপুরে গোলাম আযমের কারাদণ্ডের রায় ঘোষণার পর জেলা শহর মাইজদীর প্রধান সড়কে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলের পেছন থেকে ধাওয়া করলে কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং চারটি মোটরসাইকেল, উত্তরা ব্যাংক ও এনসিসি ব্যাংক মাইজদী কোর্ট শাখা ভবনের সামনের গ্লাস ভাঙচুর করে।
রাজশাহী অফিস : জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের মানবতাবিরোধী মামলার রায় ও হরতালকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সোমবার দুপুরে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুপুর ১টার দিকে নগরীর ব্যস্ততম সাহেব বাজার মণিচত্বর এলাকায় আকস্মিকভাবে কয়েকটি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রশিবির কর্মীরা। উপস্থিত পুলিশ সদস্যরা গ্যাস গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ এবং ২ জনকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু দুপুুর সোয়া ২টার দিকে জামায়াত-শিবির কর্মীরা গোলাম আযমের রায়ের বিরুদ্ধে নগরীর গ্রেটার রোডে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ মিছিলের পিছু নিলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অন্তত ১৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় শিবির কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ছাড়াও অন্তত ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের দুই সদস্য সামান্য আহত হন। পরে পুলিশ জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সিলেট অফিস : জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের রায় ঘোষণার পর সিলেট নগরীর বিভিন্ন স্থানে অন্তত ৫০টি গাড়ি ভাংচুর করেছে শিবির কর্মীরা। তারা মদীনা মার্কেট, সুবিদবাজার, উপশহর এলাকায় ভাংচুর চালায়। এসময় এলাকায় ত্রাস সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সেখান থেকে তারা পালিয়ে যায়। উপশহরে হোটেল রোজ ভিউ’র সম্মুখে র্যাব শটগানের গুলি ছোঁড়ে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (সাউথ) এজাজ আহমদ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ সতর্ক রয়েছে। ফেলে যাওয়া একটি মটর সাইকেল আটক করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার পর সিদ্ধিরগঞ্জে শিবির ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সোমবার দুপুর ২টায় জামায়াত-শিবিরের লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন ভাংচুর, বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালায়। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত ডাকা সকাল- সন্ধা হরতালে সোমবার ভোরে পিকেটাররা বিভিন্ন হাইওয়ে ও সড়কে আগুন জ্বালিয়ে ট্রাক থামিয়ে ১০টি ট্রাকে ভাংচুর চালিয়েছে। এ সময় হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হরতালকারীরা ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ড ঘোষণা দেয়ার আগে ও পরে নারায়ণগঞ্জে পৃথকভাবে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত ও শিবিরের লোকজন। তারা অন্তত ৩০-৩৫টি যানবাহন ভাংচুর, দুটি গাড়িতে আগুন দেয়াসহ সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন ধরিয়ে দেয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি :দেশব্যাপী জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল লক্ষ্মীপুরে গাড়ী ভাংচুর, সড়ক অবরোধ, টায়ারে অগ্নি সংযোগ, ককটেল বিস্ফোরণ ও রামগঞ্জে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়।
রামগতি সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় গতকাল সোমবার দুপুরে ছাত্রশিবিরের সাথে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে পুলিশের ওসিসহ ২০ জন আহত হয়েছেন। এসময় একটি যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও দোকানঘর ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
সিরাজগঞ্জ প্রতিনিধি :গোলাম আযমের মামলার রায় প্রদানকে কেন্দ্র করে জামায়াতের ডাকা দেশব্যাপী সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে সিরাজগঞ্জে ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ, অবরোধ, গাড়ি ভাংচুর ও আটকের মধ্যদিয়ে পালিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বীরগাঁও গ্রামে কোন প্রতিক্রিয়া নেই। স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের রায়ের দিনও এগ্রামে কোন প্রতিক্রিয়া নেই। গোলাম আযমের সকল আত্মীয়-স্বজন ঢাকাসহ বিভিন্ন স্থানে বসবাস করেন। এ কারণে বীরগাঁও গ্রামে এ নিয়ে মাতামাতি নেই। তবে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আলোচিত-সমালোচিত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের ফাঁসির দাবিতে সকাল থেকেই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করে। অন্যদিকে জামায়াতে ইসলামের কাউকেই মাঠে মিছিল করতে দেখা যায়নি। পুলিশ নাশকতার আশংকায় বিভিন্নস্থান থেকে ১০ জনকে গ্রেফতার করেছে।
বরিশাল অফিস : জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই জামায়াতের মিছিলে পুলিশের ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নগরীর বিভিন্ন এলাকায় পিকেটিংয়ের পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে ৭টি যানবাহনে।