আজ হরতাল আহ্বান
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:৫৮
যুদ্ধাপরাধী গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রগতিশীল ১০ ছাত্র সংগঠন। এতে সংহতি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। ছাত্র সংগঠনগুলো হচ্ছে ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট (অপর অংশ), ছাত্র আন্দোলন, ছাত্র সমিতি, ছাত্র সংহতি, ছাত্র ঐক্য ফোরাম। এ সংগঠনগুলো গণজাগরণ মঞ্চেরও সংগঠকের দায়িত্ব পালন করছে। গতকাল সোমবার বিকালে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার এই হরতালে সংহতি প্রকাশ করে সবাইকে হরতাল পালনের আহবান জানান। এরপর দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের মুক্তির দাবিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
আজ সকালে গণজাগরণ মঞ্চের করণীয় ঘোষণা করা হবে উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার জানান, একাত্তরের ঘাতকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড জাতি প্রত্যাশা করে। কিন্তু গোলাম আযমের যে রায় দেয়া হয়েছে তা তার অপরাধের তুলনায় নগণ্য। সকল যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান হরতালের কর্মসূচি ঘোষণা করে বলেন, প্রসিকিউশন তার বিরুদ্ধে আনীত ৬১টি অভিযোগের একটিও প্রমাণ করতে পারেনি। এটা রাষ্ট্রপক্ষের চরম ব্যর্থতা। রায়ে জামায়াত সম্পর্কে বক্তব্য প্রদানের সমালোচনা করেন রফিকুল ইসলাম।