হরতাল ‘উত্সব’ বন্ধের আহ্বান এফবিসিসিআই’র

পবিত্র রমজান মাসে হরতাল আহ্বান করায় ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসে হরতালকে এক ধরনের উত্সব হিসেবে নিয়ে হরতাল আহবানের প্রতিয়োগিতায় নেমেছে জামায়াতে ইসলাম, গণজাগরণ মঞ্চ ও বাম মোর্চা। এটি ব্যবসায়ীদের কাছে অনভিপ্রেত। এর ফলে পণ্যমূল্য বৃদ্ধির আশংকা প্রকাশ করে বলা হয়, রমজান মাসে হরতাল মানেই হলো রোজাদারদের অবর্ণনীয় কষ্ট। ভোগ্যপণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি। এ অবস্থায় আজকের হরতাল প্রত্যাহারের আহ্বান জানায় এফবিসিসিআই। প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যুদ্ধাপরাধে অভিযুক্ত গোলাম আযমের ৯০ বছরের কারাদ্লের রায় প্রত্যাখ্যান করে আজ মঙ্গলবার হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চসহ বাম রাজনৈতিক দলগুলো। হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীও। অন্যদিকে রায়কে কেন্দ্র করে গতকাল সোমবারও হরতাল পালন করে জামায়াতে ইসলামী।