পাকিস্তানে প্রেসিডেন্ট পদে আর প্রার্থী হবেন না জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না। প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, মেয়াদ শেষ হওয়ার আগে জারদারি পদত্যাগ করবেন না, দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতাও করবেন না। লন্ডনে ব্যক্তিগত সফর শেষ করেই তিনি দেশে ফিরবেন। তবে জারদারি কবে যাবেন বা ফিরবেন তা জানানো হয়নি। খবর দ্য ডনের। বাবর আরো জানান, আগামী ৮ সেপ্টেম্বর জারদারির প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হলে তিনি দেশেই থাকবেন। পাকিস্তানের করাচিতে গত বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা কর্মকর্তা বিলাল শেখ তার দুই সহযোগীসহ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর নিরাপত্তাহীনতা এবং দুর্নীতির মামলার কারণে জারদারি প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষে দেশ ত্যাগ করতে পারেন বলে গুজব আছে। বাবর জানান, বিলাল শেখ জারদারির পুত্র বিলাওয়ালের বাড়ির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। ২০০৮ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি ক্ষমতায় আসে। অভিসংসনের মুখে তত্কালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ২০০৮ সালের ১৮ আগস্ট পদত্যাগ করেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হন জারদারি। এ বছরের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জারদারির দলের ভরাডুবি হয়। সরকার গঠন করে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। এদিকে পাকিস্তানের নির্বাচন কমিশন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।