বিশ্ব গণমাধ্যমে গোলাম আযমের মামলার রায়
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:৫৯
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের যুদ্ধাপরাধের রায়ের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্ব গণমাধ্যম। রায়ের খবর প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গোলাম আযমের বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। নিজস্ব সামরিক বাহিনী তৈরি করে গণহত্যা ও ধর্ষণের দায়ে তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গোলাম আযমের ফাঁসির দাবিতে প্রতিবাদকারীরা রাস্তায় নেমেছে বলেও উল্লেখ করে বিবিসি।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা তাদের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে জানায়, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল জামায়াতের প্রধান ও বর্তমানে এর ধর্মীয় নেতা গোলাম আযমের বিরুদ্ধে ধর্ষণ-হত্যাসহ পাঁচটি যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ের খবরের সঙ্গে সঙ্গে গোলাম আযমের সমর্থকরা নাশকতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু করেছে বলে উল্লেখ করে আল-জাজিরা।
যুক্তরাজ্যভিত্তিক আরেকটি প্রখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্স ‘বাংলাদেশে সাবেক ইসলামপন্থি দলের নেতার কারাদণ্ড’ শিরোনামে জানিয়েছে, বাংলাদেশের একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শীর্ষস্থানীয় ইসলামপন্থি দলের নেতাকে আনীত অভিযোগে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে। রায়কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গোলাম আযমের সমর্থকদের সহিংসতা ছড়িয়ে পড়ছে। ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত’ শীর্ষ ইসলামপন্থি নেতা আযম’ শিরোনাম দিয়ে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধ চলাকালে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের মূল পরিকল্পনাকারী হিসাবে দোষী সাব্যস্ত বাংলাদেশের ইসলামপন্থি নেতা গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত।
প্রসিকিউটর সুলতান মাহমুদের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, তিনি ৯০ বছর অথবা মৃত্যু পর্যন্ত কারাদণ্ড ভোগ করবেন। ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে শীর্ষস্থানীয় ইসলামী নেতা অভিযুক্ত’ শীর্ষক শিরানোমে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুদ্ধের সময় গোলাম আযমের বিরুদ্ধে ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রসিকিউটররা তাকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে। মুক্তিযুদ্ধের সময় তিনি জামায়াতে ইসলামীর প্রধান ছিলেন। ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড’ শিরোনাম দিয়ে ভারতের আরেকটি সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ চলাকালে নৃশংস হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের মূল পরিকল্পনাকারী হিসাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ইসলামপন্থি নেতাকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধকালে হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী হিসাবে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়াও দ্য হিন্দুস্থান টাইমস, দ্য হিন্দু, চ্যানেল নিউজ এশিয়া, জিনিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুরুত্ব সহকারে গোলাম আযমের রায়ের খবর প্রকাশ করেছে।