পুলিশের পিস্তল ছিনতাই করল শিবির

রাজধানীর ভাটারায় পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আমিনুল ইসলামকে পিটিয়ে তার পিস্তল ছিনতাই করেছে শিবির কর্মিরা। আহত অবস্থায় ঐ সাব-ইন্সপেক্টরকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে নদ্দার আজিজ সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। সোমবার রাত পর্যন্ত লুট হওয়া পিস্তল উদ্ধার হয়নি। এ ঘটনায় আহত এসআই বাদি হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন। ভাটারা থানার ওসি জিয়াউজ্জামান জানান, সকাল সাতটার দিকে আজিজ সড়কের মোড়ে এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ছোট দল টহল দিচ্ছিল। এসময় ২৫ থেকে ৩০ জন শিবির সমর্থক বিক্ষোভ মিছিল বের করে। শিবির সমর্থকেরা আকস্মিকভাবে এসআই আমিনুলের ওপর হামলা চালায়। তাকে বেধড়ক পিটিয়ে আট রাউন্ড গুলিসহ তার পিস্তলটি ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলে আরো পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওসি আরো জানান, লুট হওয়া পিস্তলটি উদ্ধারে জন্য পুলিশের কয়েকটি দল বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।