রায়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে :আইনমন্ত্রী

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযমকে জেরা ও আত্মপক্ষ সমর্থনের সমস্ত সুযোগ দিয়ে দীর্ঘ শুনানির পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছে। বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে এ রায় হয়েছে। তিনি বলেন, বিচারের মান নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। বিচারের মাধ্যমে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গতকাল সোমবার রায়ের পর সচিবালয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান। এ সময় আইন প্রতিমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়মানুযায়ী বয়স বিবেচনা করে ট্রাইব্যুনাল ৫টি অভিযোগে গোলাম আযমকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। তিনি বলেন, প্রত্যেক সরকারের দায়িত্ব অপরাধীদের বিচার করা। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী সকল সরকারের দায়িত্ব এ বিচার চালিয়ে নেয়া। আইন প্রতিমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি বলেন, গোলাম আযমের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তাতে অসন্তুষ্ট হওয়ার কারণ দেখি না। বিচারটি করতে পারছি এটিই সন্তুষ্টির বিষয়। রায়ে গোলাম আযমকে একাত্তরের ঘাতকদের শিরোমনি বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে তার অপরাধ মৃত্যুদণ্ডতুল্য। কিন্তু বয়স বিবেচনা করে তাকে ৯০ বছর সাজা দেয়া হয়েছে। এ সরকারের মেয়াদে কয়েকজনের রায় কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।