চবিতে শিবিরের সশস্ত্র মহড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গতকাল সোমবার ছাত্র শিবিরের সশস্ত্র তত্পরতা দেখা গেছে। গতকাল গোলাম আযমের রায় ঘোষণার পর ক্যাম্পাসে চবি ছাত্রলীগ মিছিল বের করলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সামনে এবং শহীদ মিনার চত্বরে লাঠিসোটা হাতে অবস্থান নেয় তারা। চবি শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোর সামনে জড়ো হয়। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকায় শিবিরের পক্ষ থেকে তেমন কোন কর্মসূচি পালন করা হয়নি বলে জানান তিনি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়ায় এবং অতিরিক্ত পুলিশ নিয়োগ করায় কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে দাবি করেন চবি প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ। চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে শোডাউন দেয়ার চেষ্টা করেছিল। পুলিশের তত্পরতার কারণে কোন ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি। অন্যদিকে গোলাম আযমের রায় ঘোষণার পর বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে মিছিল বের করে চবি ছাত্রলীগ। মিছিল শেষে সমাবেশ থেকে গোলাম আযমের ফাঁসি দাবি চেয়ে যাবজ্জীবন কারাদণ্ডকে প্রত্যাখান করা হয়।