ভারতে হুক্কা পানের অভিযোগে আটক ১০০, পরে মুক্ত

ভারতে হুক্কাপানের অভিযোগে একশত ছাত্রকে আটক করে আবার ছেড়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার দেশটির দিল্লি এবং গুরগাওন থেকে এদের একটি পানশালা থেকে আটক করে পুলিশ। খবর এনডিটিভির। গুরগাওন পুলিশ কমিশনার অলোক মিত্তাল জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে ভারতীয় পেনাল কোডের ১৮৮ধারা অনুযায়ী পানশালার ম্যানেজারকে শাস্তি দেয়া হয়েছে এবং পানশালা বন্ধ করে দেয়া হয়েছে। কয়েক মাস আগে ফৌজদারি অপরাধ আইন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট গুরগাওনে হুক্কাপান নিষিদ্ধ করেন। ছাত্রদের বয়স ১৫ থেকে ২০ বছর হবে। এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে সেখানে তারা একত্র হয়েছিল। তাদের নাম, ঠিকানাসহ বিস্তারিত লিখে রেখে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মিত্তাল জানান।