আমাদের ক্যাম্পাস
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ১৯:৩২
বাপ্পা চৌধুরী \ ১৯৯৮ সালের দিকে শিক্ষাবিস্তারের জন্য চট্টগ্রামের চকবাজারে প্রথম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে মেরন সান স্কুল এ্যান্ড কলেজ। বর্তমানে এ প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের সংখ্যা তিনটি। যেখানে নার্সারী থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুই শিফট মিলিয়ে মোট ২৫৫০ জন শিক্ষার্থীকে ৮৪ জন শিক্ষক পাঠদান করছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা বিভাগ চালু আছে। পিএসসি ও এইচএসসি পাসের হার শতভাগ। জেএসসি ও এসএসসিতে পাসের হার যথাক্রমে ৯৮ ভাগ ও ৯৮.৫০ ভাগ এবং প্রতিবছর পিএসসি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিদ্যালয়টিতে বয় স্কাউট, গালর্স গাইড, বিএনসিসি আলাদা আলাদা দল রয়েছে। বিদ্যালয়টির একাধিক অভিভাবকের সংগে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টির ঐতিহ্যের পিছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর প্রচেষ্টা ও পরিচালনা পরিষদের সকলের আন্তরিকতা ও সর্বাত্মক প্রচেষ্টা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছে এ বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী। অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ পরিচালনায় একদল অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর স্নেহের পরশে ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে এক যুগেরও বেশি সময় ধরে।
মাহামুদুল হাসান
১০ম শ্রেণি, বাণিজ্য
রোল নং ১
ফলাফলের দিক দিয়ে আমাদের স্কুল সব সময় ভালো করে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটিকে সব সময় শীর্ষে দেখতে চাই। সেই সাথে সকল ধরনের সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর প্রভৃতি কর্মকাণ্ড দেখতে চাই।
জাবেদ হোসেন
৯ম শ্রেণি, বিজ্ঞান
রোল নং ১
আমাদের বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অনেক অত্যাধুনিক। ইন্টারনেট সুবিধা ব্যবহারের মাধ্যমে আমরা নিত্যনতুন ও অজানা বিষয় সম্বন্ধে অতিসহজে জ্ঞান লাভ করতে পারি। আমাদের স্কুলটি দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করুক এমনটাই প্রত্যাশা করি।
মোসাত্ সাবরিনা
৯ম শ্রেণি, বিজ্ঞান
রোল নং ১
প্রাচ্যের বিজ্ঞান শিক্ষা পদ্ধতির অনুরূপ ভাবে পাঠদান করে দেশি-বিদেশি সকল প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদেরকে গড়ে তোলায় আপ্রাণ চেষ্টা করে এ কলেজের সব শিক্ষকবৃন্দ। খুব কম সময়ের মধ্যে সারা শহরে বেশ আলোড়ন সৃষ্টি করেছে আমাদের এ প্রিয় প্রতিষ্ঠানটি।
প্রপতি দাশ
৯ম শ্রেণি, বিজ্ঞান
রোল নং ২
আধুনিক সুবিধা ছাড়াও ক্লাসে সীমিত সংখ্যক শিক্ষার্থী, শিক্ষা উপকরণ ও ভালো ফলাফলের জন্য বিশেষ ভাবে তৈরি নোটগুলো সত্যিকার অর্থে আলাদা। যার কারণে যেকোন পাঠ আমরা সহজে অনুধাবন করতে পারি। শুধু নোট নয় শিক্ষকরা আন্তরিকতার সাথে পাঠ দান করে থাকেন।
মো: রাব্বী
৮ম শ্রেণি
রোল নং ১
শিক্ষকদের ভ্রাতৃত্বসুলভ আচরণ সবকিছু আমাকে প্রবল উত্সাহ দেয় দেশ ও জাতির কল্যাণে বিশেষ কিছু করার জন্য। আমাদের প্রতি ক্লাসের জন্য একজন শ্রেণি শিক্ষক রয়েছেন যিনি ক্লাসের সব ধরনের সমস্যার সমাধান দেন। আমাদের স্কুলটির পরিবেশ অনেক ভালো।