তোমাদের জন্য লেখা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ১৯:৩৬
পকেট ভর্তি আনন্দ
পকেট ভর্তি আনন্দ একখানি গল্পের বই। বইটি লিখেছেন সারমিন ইসলাম রত্না। সারমিন ইসলাম রত্না আমাদের শিশুসাহিত্যের অঙ্গনে একটি সুপরিচিত নাম। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন পত্র-পত্রিকার শিশুতোষ বিভাগে গল্প, কবিতা ও ছড়া লিখেছেন। এর আগে তার প্রথম বই ‘স্বপ্নের ডানা’ প্রকাশিত হয়েছে এবং ছোটদের কাছে বিপুলভাবে আদৃত হয়েছে।
পকেট ভর্তি আনন্দ বইটিতে সংকলন করা হয়েছে মোট ১২টি গল্প। এগুলো দেশের বিখ্যাত পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে পকেট ভর্তি আনন্দ, টুটুলের ইচ্ছে, হ্যামসেল ও শুভ্র, নিতুর পাখি, শ্রেষ্ঠা প্রতীক ও ছবি, স্বপ্নের আঁকা বৈশাখ, বিজয়া ও চাকুম চুকুম আইসক্রিম বিশেষভাবে উল্লেখ্য।
বিজয়া এই বইটিতে একটি অন্যতম গল্প। বিজয়া এই গল্পের প্রধান চরিত্র। গল্পটি আমাদের মহান মুক্তিযুদ্ধের ছবি আঁকা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বিজয়া। কিন্তু বাড়িতে কাজ করে খায়। এক সময় ওর নামটাও বিজয়া থেকে বিজু হয়ে যায়। কিন্তু, একদিন খোলা জানালার পাশে দাঁড়িয়ে সে বলে আমি বিজু না, আমি বিজয়া, বীর মুক্তিযোদ্ধার সন্তান....।
বইটির অন্য গল্পগুলো চমত্কার। ছোটদের ভীষণ ভালো লাগাবে। সহজ-সরল বর্ণনা। এটি প্রকাশ করেছে বাংলাবাজারের প্রচলন প্রকাশন। মূল্য পঁচাত্তর টাকা।
নবারুণ
মাসিক ছোটদের একটি প্রিয় পত্রিকা। এটি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিয়মিত প্রকাশিত হয়। সম্প্রতি নবারুণের জুন সংখ্যাটি সুকান্ত ভট্টাচার্যের স্মরণে প্রকাশিত হয়েছে। এ সংখ্যার সবগুলো লেখাই সুকান্তকে নিয়ে লেখা। এসব লেখার সুকান্তের শৈশব-কৈশোর সাহিত্যচর্চা এবং সুকান্ত সংগঠনের কর্মকান্ড তুলে ধরা হয়েছে। দু-একটি রচনায় তার পিতৃভূমি, হাতের লেখার পান্ডুলিপি ছাপা হয়েছে। আরো রয়েছে তার উল্লেখযোগ্য রচনার সংকলন। এগুলো যারা লিখেছেন তারা হলেন: হায়াত্ মামুদ, মুস্তাফা মাসুদ, খালেক বিন জয়েনউদদীন, এম.এ. আজিজ মিয়া, আমীরুল হক, দেলোয়ার হোসেন, বিশ্বজিত্ ঘোষ, সুজন বড়ুয়া, আনজীর লিটন, আবুল হোসেন আজাদ, জাকির হোসেন চৌধুরী, শাহানা আফরোজ প্রমুখ।
সুকান্তকে নিয়ে এমন একটি সংখ্যা এর আগে কোন পত্রিকা প্রকাশ করেনি। এটির প্রধান সম্পাদক একেএম শামীম চৌধুরী, সিনিয়র সম্পাদক মোহসীনা বেগম ও সম্পাদক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। উন্নতমানের কাগজে ছাপা বহুরঙা এ সংখ্যাটির মূল্য মাত্র পনেরো টাকা।
হাফিজুর রহমান সবুজ